
এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর। রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রসূল বকুল। তিনি আজ ২০/০৯/২০২৬ রোজ: রবিবার।তার নিজ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম রসূল বকুল বলেন,বদরগঞ্জ উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয় থেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর তীর, ফসলি জমি, রাস্তা ও আশপাশের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ছে। তিনি অভিযোগ করেন, অনুমোদন ও নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ড্রেজার ও অন্যান্য যন্ত্রের মাধ্যমে বালু উত্তোলনের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন এবং স্থানীয় যোগাযোগব্যবস্থায়ও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অ্যাডভোকেট গোলাম রসূল বকুল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা এবং জব্দকৃত ড্রেজার ও সরঞ্জামের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা না হলে জনস্বার্থ ও পরিবেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
N
Reporter Name 

















