
মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার ১৯ সেপ্টেম্বর ২০২৬ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ‘জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-০২ শিরীন সুলতানা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে এবং দেশে-বিদেশে সুনাম অর্জন করছে। এ সময় তিনি এলাকার জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা সমাধানে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ অতিথি শিরীন সুলতানা এমপি কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফল করার আহ্বান জানান। অন্যদিকে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশে গভর্নিং বডি সবসময় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিবেশবান্ধব গাছ, সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 

















