
স্টাফ রিপোর্টার: জাকির হোসাইন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নাম এখন তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের আলোচনায় বেশ জোরালোভাবে উঠে আসছে।
দলীয় সূত্রে জানা যায়, তুলাসার ইউনিয়ন পরিষদের সাবেক একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মাহবুব মোর্শেদ টিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি তৃণমূল পর্যায়ে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করার কারণে তৃণমূল পর্যায়ে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বললে অনেকেই জানান, রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে মাহবুব মোর্শেদ টিপু এলাকায় একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করেন, দল যদি তাকে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে তিনি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় অর্জনে সক্ষম হবেন। তাদের মতে, তৃণমূল পর্যায়ে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রেখেছে।
এ বিষয়ে মাহবুব মোর্শেদ টিপু বলেন, “অতীতে দল আমাকে মনোনয়ন দিয়েছিল এবং জনগণও বিপুল ভোটে সমর্থন জানিয়েছিল। কিন্তু তৎকালীন সরকারের প্রভাব ও কারচুপির কারণে বিজয় অর্জন করা সম্ভব হয়নি। এবার দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ জনগণের সমর্থনে বিজয় ছিনিয়ে আনতে পারব।”
তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এদিকে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে শরীয়তপুর সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাহবুব মোর্শেদ টিপুর নাম এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
Leave a Reply