
খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় ৩০ পিস ইয়াবাসহ মো. লিটন হাওলাদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন হাওলাদার উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে লিটন হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। গলাচিপাকে মাদক মুক্ত করতে এ ধরনের মাদকবিরোধী অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখা হবে।”