
আবুল কাশেম | স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রাম কার্যত বন্যাকবলিত এলাকায় পরিণত হয়েছে। অবিরাম বৃষ্টিতে গ্রামটির অধিকাংশ সড়ক, অলিগলি ও বসতবাড়ির আঙিনা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন বুকসমান কিংবা হাঁটুসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে তাদের। একইভাবে কোরিয়ান ইপিজেডে কর্মরত হাজারো শ্রমিক-কর্মচারীও দুর্ভোগকে সঙ্গী করে কর্মস্থলে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই খুরুস্কুল গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর টানা বর্ষণে পুরো এলাকা বন্যার রূপ নেয়। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে।