
মোঃ জিহাদ তজুমদ্দিন ,উপজেলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলার কাজি কান্দি ৪নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, মৎস্য দলের সভাপতি কামালসহ তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাল খনন কার্যক্রমকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও কৃষিজমিতে পানি নিষ্কাশনের সমস্যার সমাধান হওয়ায় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয়দের আশা, খাল খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষা মৌসুমে মানুষকে দুর্ভোগ পোহাতে হবে না। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু বলেন, “জনগণের কল্যাণে এবং কৃষি উন্নয়নকে এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে উন্নয়নমূলক পরিকল্পনার কথা বলেছিলেন, আজ তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তিনি আরও বলেন, এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।