এন এস ফারুক, (স্টাফ রিপোর্টার) তারাগঞ্জ, রংপুর আজ ১৬ আগস্ট ২০২৬, রবিবার ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠান ও বিশেষ আলোচনা সভা। দেশের আমিষের চাহিদা পূরণ, নিরাপদ আমিষ সরবরাহ এবং মৎস্য সম্পদে দেশকে স্বনির্ভর করে তোলার অঙ্গীকার নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। রবিবার সকালে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সংরক্ষিত ৩০৮ মহিলা আসনের সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, এমপি। তিনি তারাগঞ্জ উপজেলা চত্বরে এসে পৌঁছালে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তিনি উপজেলা প্রাঙ্গণ ও চত্বর ঘুরে দেখেন এবং পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনাব্বর হোসেন-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রুহুল আমিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কাজী। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে মৎস্য চাষ ও এর অপার সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সফল মৎস্য চাষী জনাব রাতুল আহমেদ। তিনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক এবং মৎস্য চাষীদের নানা সুযোগ-সুবিধা ও বাস্তব সমস্যাগুলোর কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা এমপি বলেন, বর্তমান সরকারের সদিচ্ছা ও আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মৎস্য খাতে বিপ্লব সাধিত হয়েছে। নিরাপদ আমিষের চাহিদা মিটিয়ে মৎস্য সম্পদ আজ বিদেশেও রপ্তানি হচ্ছে। এ সময় তিনি মাঠ পর্যায়ের মৎস্য চাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। সারা দেশের ন্যায় তারাগঞ্জেও এই মৎস্য পক্ষ পালনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মৎস্য চাষ ও সংরক্ষণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া জার্নালিস্টরা উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
