দখলদারিত্ব ও মিথ্যা মামলার অভিযোগে মিরপুরে মানববন্ধন, সুষ্ঠু তদন্তের দাবি
সিহাব তালুকদার রাজধানীর মিরপুরে দোকান জবরদখল, হয়রানি এবং একাধিক মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে একটি চুক্তির মাধ্যমে একটি দোকান অভিযুক্ত ব্যক্তির কাছে ভাড়া দেওয়া হয়। তবে পরবর্তীতে তিনি নিয়মিত ভাড়া পরিশোধ না করে বিভিন্ন কৌশলে দোকানটি জবরদখলের চেষ্টা করেন। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মোট ১২টি মিথ্যা মামলা দায়ের করে দীর্ঘদিন ধরে হয়রানি চালিয়ে যাচ্ছেন বলেও তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, মিথ্যা মামলা ও ধারাবাহিক হয়রানির কারণে ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগী পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দেশের বিচারব্যবস্থা ও আইনের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করেন। এ সময় উপস্থিত এলাকাবাসীও ভুক্তভোগী পরিবারের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।