প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা মেট্রো গ-২২-১২৩৮ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার হাজীপুর গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে মো. আলমগীর এবং রায়পুরা থানার রতনপুর গ্রামের কাজল মিয়ার ছেলে সজিব মিয়া। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে দুটি মাদক মামলা এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ১৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক পরিবহন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।