শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার চানধুয়ালী গ্রাম থেকে ১৫ বছরের কিশোরী বর্ষা নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, চুয়াডাঙ্গার এক মাদকাসক্ত যুবক তাকে ফুসলিয়ে অপহরণের পর ভুয়া জন্ম নিবন্ধন সনদ বানিয়ে বাল্যবিয়ে করেছে। একমাত্র মেয়েকে জীবিত ফিরে পেতে এখন দ্বারে দ্বারে কেঁদে বেড়াচ্ছেন মা সুমি খাতুন। বর্ষার বাবা বাবুল রহমান বিগত দশ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী হিসেবে কর্মরত। পরিবারের প্রধান অভিভাবকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুয়াডাঙ্গার বনগজপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে আকাশ (২৬) তার নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। আকাশ তার মামার বাড়িতে বড় হয়েছে এবং সে মাদকাসক্ত বলে জানিয়েছেন অপহৃতার মা। বর্ষার মা সুমি খাতুন অঝোরে কেঁদে বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৫ বছর। ওর বয়স বাড়িয়ে জাল জন্ম সনদ বানিয়ে জোর করে বিয়ে করেছে আকাশ। দুই মাস ধরে আমার কোল খালি, মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না। আমি শুধু আমার সন্তানকে জীবিত অবস্থায় ফেরত চাই।” ভুক্তভোগী পরিবার জানান, এ বিষয়ে আইনগত সহায়তা পাওয়ার আশায় এবং মেয়েকে উদ্ধারের জন্য তারা পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।