আটক শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকায় মেসের বাজার করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রুমমেটকে আটক করার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। আটককৃত অভিযুক্ত লিখন (১৬) শৈলমারী গ্রামের বাসিন্দা এবং বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার ও লিখন শহরের মহিলা কলেজপাড়ার একটি মেসে যৌথভাবে বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেসের দৈনন্দিন বাজার করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে কাউসার ক্ষিপ্ত হয়ে লিখনকে থাপ্পড় দেন। এতে চরম উত্তেজিত হয়ে লিখন কাছে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে সজোরে আঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে লিখনও আহত হয়। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার সাথে জড়িত লিখনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
