
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ আব্দুল কাদির (৭০) আর নেই। গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদিরের নামাজে জানাজা আজ ১০ সেপ্টেম্বর সকালে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানিয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একজন জেসিওর নেতৃত্বে বিজিবির একটি সুসজ্জিত ও সশস্ত্র দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদিরের মৃত্যুতে বিজিবি পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং বিজিবিতে কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের স্মৃতি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধের এই বীর যোদ্ধার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।