সংবাদদাতা মো:রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আমিন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের মেইন শাখায় এক গ্রাহকের কাছ থেকে প্রকাশ্যে ৭ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা তিতাসপাড় এলাকার বাসিন্দা মো. আবু ইউসুফ বাবুল মিয়া ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা একটি লাল ব্যাগে করে নিয়ে আসেন। টাকা জমা দেওয়ার প্রস্তুতিকালে পেছনে থাকা এক যুবক তাকে অনুসরণ করতে থাকে। ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই যুবক কৌশলে গ্রাহকের পেছনে অবস্থান করে। একপর্যায়ে সুযোগ বুঝে লাল ব্যাগটি নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যায়। ব্যাগের ভেতরে থাকা ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনার পর ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যাংকের ভেতরে এমন ঘটনা ঘটলেও দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের তৎপরতা চোখে পড়েনি। তাদের দাবি, ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকলে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। স্থানীয়রা জানান, ব্যাংকের ভেতরে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ নিয়ে লেনদেন করতে হয়। তাই গ্রাহকদের নিরাপত্তার পাশাপাশি ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। সিসিটিভি ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিকে কেউ চিনে থাকলে তার বিষয়ে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
