
কাজিম উদ্দিন ভূঁইয়া, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-
গাজীপুরের শ্রীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় দিবসটি ঘিরে সার্বিক কর্মপরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ক্ষণিকা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “একুশ আমাদের আত্মপরিচয়ের প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। দিবসটি যেন যথাযথ মর্যাদায় ও শৃঙ্খলার সঙ্গে পালিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার জন্য প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যাতে নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এছাড়াও প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হবে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply