
রাসেল মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সচেতন যুব সমাজ মিরপুর। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, “একটি শিশুর কান্না আজ পুরো জাতির প্রতিবাদে পরিণত হয়েছে। রামিসার ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।” এসময় বিক্ষুব্ধ জনতা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তারা বলেন, “নীরবতা নয়, এবার জেগে উঠুক জাতির বিবেক”, “আমার বোন কবরে, খুনি কেন বাইরে?”, “প্রশাসন জবাব চাই”, “ধর্ষকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড।” বক্তারা আরও বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার দীর্ঘসূত্রতায় পড়ে যায়। এতে অপরাধীরা উৎসাহিত হয়। তাই রামিসাসহ বাংলাদেশের সকল ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। পাশাপাশি শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।