মোঃ ইউনুছ মিয়া , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গঠনে সহায়তা করি চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় রবিবার (১৬ আগস্ট) বিকেলে মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আল্লাহ চত্বর থেকে মাদকবিরোধী র্যালিটি বের হয়। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ। পুলিশ উপ-পরিদর্শক মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আজিজ মোল্লা, হাজী ইদ্রিস, উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, কৃষকদলের সভাপতি নায়েব আলী, কওমি ওলামা পরিষদের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম। সমাবেশে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদক সেবনকারী বা বিক্রেতা কারও সঙ্গে পুলিশের কোনো আপোষ নেই। কোনো মাদক কারবারি ও সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। আজ থেকে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শুরু হলো। মাদকবিরোধী অভিযান চলছে, তা অব্যাহত থাকবে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ করা হবে। সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ছয়বারের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে মুরাদনগরকে মাদকমুক্ত করতে হবে। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা এলাকার মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ-প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, বিএনপি নেতা মো. মুজিবুর রহমান, মো. আলাউদ্দীন, যুবদল নেতা মো. সোহাগ, মাসুম মুন্সী, মো. ইকবাল, মো. আলমগীরসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
