
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলা এর বিশালপুর ইউনিয়ন এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা এর তালম ইউনিয়নের সীমান্তবর্তী ঐতিহ্যবাহী রাণীরহাট বাজারে অনুষ্ঠিতব্য মেলাকে কেন্দ্র করে টিকিট বিক্রির মাধ্যমে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আজ (২১ মে) বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য রাণীরহাট মেলাকে সামনে রেখে ইতোমধ্যে কয়েকটি প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে এবং সরেজমিনে দেখা গেছে, বিশালপুর ইউনিয়ন অংশে কয়েকটি এবং তালম ইউনিয়ন অংশে একটি প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এসব প্যান্ডেলে টিকিটের বিনিময়ে আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর ভাষ্য, রাণীরহাট বাজার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জনপদ। বাজারটিতে একটি স্বনামধন্য মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এমন ধর্মীয় ও সামাজিক পরিবেশের পাশে অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের আয়োজন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
স্থানীয়দের দাবি, মেলার নামে এ ধরনের কার্যক্রম স্থানীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, মেলার আড়ালে জুয়া, অশ্লীল নৃত্য ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলে তরুণ সমাজ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিশোর ও যুবসমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিও বাড়বে বলে মনে করছেন তারা।
এছাড়া, এসব কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়, বগুড়া জেলা প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসন, শেরপুর উপজেলা প্রশাসন এবং তাড়াশ উপজেলা প্রশাসন এর প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর বক্তব্য, মেলার নামে কোনো ধরনের অশালীন, অনৈতিক কিংবা সমাজবিরোধী কার্যক্রম পরিচালিত হতে দেওয়া উচিত নয়। প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমেই ঐতিহ্যবাহী রাণীরহাট মেলার সুষ্ঠু, সুন্দর ও পারিবারিক পরিবেশ বজায় রাখা সম্ভব বলে তারা মনে করছেন।