
মোঃ মাকবুল হুসাইন (সুলতান), যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার শ্মশান রোডে অবস্থিত একটি টায়ারের জেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো। তার সঙ্গে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের একটি টিম।
অভিযানকালে দেখা যায়, কারখানাটির পণ্যে বিএসটিআই-এর কোনো অনুমোদন নেই। এছাড়াও, উৎপাদন পরিবেশ অস্বাস্থ্যকর ও মানসম্মত নয়। তদন্তে আরও উঠে আসে, সেখানে ডুপ্লিকেট পণ্য তৈরি করা হচ্ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে বাজারজাতের চেষ্টা করা হচ্ছিল।
এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক ইমরান হোসেনকে ১৫,০০০ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন সম্পন্ন না হওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
Leave a Reply