
মোঃ সুজন আহাম্মেদ, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছে বেঁধে নির্মমভাবে মারধর ও নির্যাতনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মতিহার থানার বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার এজাজুল হকের ছেলে আলী হাসান মোঃ মুজাহিদ (২২)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে হৃদয়সহ ৩ থেকে ৪ জন ব্যক্তি ভুক্তভোগী তুষারের বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। পরে তুষারকে কেন খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা জানায়, “তাকে পেলেই কারণ জানতে পারবেন”। একই সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ না করার জন্যও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার অভিযুক্ত হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চাইলে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়িভাবে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে।
পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোঃ নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মোঃ মুজাহিদ (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন।
এজাহার গ্রহণ করে মতিহার থানা পুলিশ মামলা রুজু করে অভিযান পরিচালনা করে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।