মো: নেছার উদ্দিন, স্টাফ রিপোর্টার।। শুক্রবার সকালে ছেলের সৌদি আরব যাওয়ার ফ্লাইট। স্বপরিবারে ছেলেকে বিমানবন্দরে এগিয়ে দিতে ঢাকায় এসে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন লালমোহন প্রেসক্লাবের সিনিয়র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক মাকছুদ উল্যাহ। পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তারা লালমোহন থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় পৌঁছে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাকছুদ উল্যাহ। পরে স্থানীয় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিদেশগামী যাত্রী ছোট ছেলে আশিকসহ পরিবারের সদস্যরা শোকাভিভূত হয়ে পড়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার সকালে মরদেহ নিজ বাড়ি লালমোহনের উদ্দেশ্যে রওনা করা হবে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, শুক্রবার সকালে যখন বাবার মরদেহ দেশের পথে রওনা হবে, ঠিক তখনই ছেলে আশিক সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উড়াল দেবেন। বাবার গন্তব্য নিজ বাড়ির পথে, আর ছেলের গন্তব্য সৌদি আরব। একই সময়ে বাবা-ছেলের দুই ভিন্ন গন্তব্য যেন পরিবারের শোককে আরও ভারী করে তুলেছে।
