
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে জনবল বৃদ্ধি, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত মোবাইল টহল পরিচালনা এবং সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত ফাঁড়িসহ (বিওপি) ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।