
মোঃ সোহাগ মিয়া, সিলেট মহানগর প্রতিনিধ:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ডিবি টিম-১ ও ডিবি টিম-২ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরস্থ রেলস্টেশন রোডে অবস্থিত ‘সোহাগ স্টোর’ নামীয় দোকানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সময় কৌশলে পালানোর চেষ্টা করলে শামীম আহমদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শামীম আহমদের বাড়ি দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায়। এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বদরুল ইসলাম (৫২) ও পাপ্পু লাল দাস (৫৫) নামে দুই অভিযুক্ত পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেখানো মতে দোকানের ফ্রিজের ভিতর থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দোকানের ড্রয়ার থেকে ৫ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৪২০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন যে, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক)/৪১ ধারায় মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।