
জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬২০০ টাকা জরিমানা
মোঃ মাজেদুল ইসলাম, জেলা প্রতিনিধি, জামালপুর৷
জামালপুর পৌর শহরের চার রাস্তা ও পাঁচ রাস্তার মোড় এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধকরণ সংক্রান্ত আইন লঙ্ঘন, এলপিজি (LPG) সিলিন্ডার খুচরা বিক্রির ক্ষেত্রে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কনফেকশনারিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে মোট তিনটি মামলা করা হয়।
এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫(১) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৩ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মোট ৬ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় সচেতন থাকার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন কাওছার।