
আমতলীর কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বরগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বিকাশের লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ক্লাবের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ভাষায় পারদর্শিতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ শিক্ষার্থীদের এসব দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ জীবনে নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে।
বিদ্যালয়ে এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তা ও যুক্তি উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।