
আঃ মান্নান টিপু, স্টাফ রিপোর্টার চাঁদপুরের ফরিদগঞ্জে মরা ডাকাতিয়া নদীর খেয়াঘাট এলাকায় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভয়াশ্রম, জলাশয়, বন্যাপ্রবণ ধানক্ষেত, বদ্ধ জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা। এ সময় নদীতে রুই, কাতলা ও বাটা প্রজাতির মোট ১৫৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক আবাসস্থল সমৃদ্ধ করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি অবমুক্ত করা মাছের পোনা রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও পোনা মাছ নিধন বন্ধে কার্যকর নজরদারি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
Reporter Name 

















