
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক ও হত্যাসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রাসেলকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ থানাধীন সোনারামপুর এলাকায় ‘লা ভিডা হাসপাতাল’-এর পেছন থেকে তাকে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আব্দুল জলিলের ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতির মামলা ৭টি, দস্যুতার মামলা ৭টি, ডাকাতির প্রস্তুতির মামলা ৯টি, বিস্ফোরক আইনে ৫টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি, অস্ত্র আইনে ৩টি, চুরির মামলা ২টি এবং একটি হত্যা মামলা রয়েছে। পুলিশ জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 


















