
জুয়েল সিকদার স্টাফ রিপোর্টার মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কার্যকরী কমিটির নির্বাচন আয়োজন বিষয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোস্তফা কামালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রমিকবান্ধব নেতা আনোয়ার হোসেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক ও সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অথচ কর্মক্ষেত্রে নানা ধরনের অনিশ্চয়তা, হয়রানি ও সুযোগ-সুবিধার ঘাটতির মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি আনোয়ার হোসেন তার বক্তব্যে শ্রমিকদের জন্য নিয়োগপত্র প্রদান নিশ্চিতকরণ, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, শ্রমিকদের আইনি সহায়তা প্রদানসহ শ্রমিকবান্ধব ৭ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, “শ্রমিকরা পরিশ্রম করে দেশের পরিবহন ব্যবস্থা সচল রাখেন। তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। শ্রমিকদের দাবি আদায়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আগামী নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোনো পকেট কমিটি নয়, প্রকৃত শ্রমিকবান্ধব, সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে বেছে নিতে হবে। যারা শ্রমিকদের পাশে থাকবেন এবং তাদের সুখ-দুঃখে কাজ করবেন, তাদেরই নেতৃত্বে আসার সুযোগ দেওয়া উচিত।” সভাপতির বক্তব্যে মোস্তফা কামালী বলেন, সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রেখে যেকোনো যৌক্তিক দাবি সাংগঠনিকভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় অন্যান্য শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে চাকরির নিশ্চয়তা, নিয়োগপত্র, চিকিৎসাসেবা, কর্মপরিবেশের উন্নয়ন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। বক্তারা আরও বলেন, সংগঠনের নেতৃত্বে এমন ব্যক্তিদের প্রয়োজন, যারা শ্রমিকদের কথা শুনবেন, তাদের পাশে দাঁড়াবেন এবং সংগঠনের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখবেন। নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিভেদ বা বিশৃঙ্খলা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় উপস্থিত সাধারণ শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে নিয়োগপত্র নিশ্চিতকরণ, চিকিৎসাসেবা, কর্মপরিবেশের উন্নয়ন, ন্যায্য সুযোগ-সুবিধা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার দাবি জানানো হয়। অনুষ্ঠান শেষে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও শ্রমিকরা সংগঠনের ঐক্য অটুট রেখে শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 


















