
তারাগঞ্জ থানা এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর। রংপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ‘১ম কমিউনিটি পুলিশিং যুব কাবাডি (অনূর্ধ্ব-২০) টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে শক্তিশালী কোতোয়ালী সদর থানাকে ৩৮-৪০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারাগঞ্জ থানা কাবাডি দল। গত ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় গঙ্গাচড়া থানা দলকে বিপুল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে তারাগঞ্জ। এরপর আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সেমিফাইনালে পীরগঞ্জ থানাকে পরাজিত করে ফাইনালের টিকিট কাটে তারা। পরবর্তীতে একই ভেন্যুতে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে কোতোয়ালী সদর রংপুর থানাকে ৩৮-৪০ পয়েন্টের টানটান উত্তেজনাকর ব্যবধানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে তারাগঞ্জ থানা দল। পুরস্কার বিতরণী ও অতিথি খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোজাম্মেল হক। এ সময় রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী, বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার রেফারি ও জুরি বোর্ডের সদস্য, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। তারাগঞ্জ থানা প্রশাসনের প্রতিক্রিয়া ও জাতীয় পর্যায়ের প্রস্তুতি তারাগঞ্জ থানার সাফল্য নিয়ে থানা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “তারাগঞ্জ থানা কাবাডি টিমের এই জয় পুরো তারাগঞ্জবাসীর জয়। যাঁরা পাশে থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সার্বিক সহযোগিতা ও সাহস জুগিয়েছেন, সকলের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও জানান, এই টুর্নামেন্ট থেকে বাছাই করা সেরা ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের নিয়ে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি শক্তিশালী চৌকস দল গঠন করা হবে। এই দলটি পরবর্তীতে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে রংপুর জেলা পুলিশের প্রতিনিধিত্ব করবে।
Reporter Name 

















