
মোস্তাসিন মামুন, নওগাঁ।
নওগাঁর শিক্ষাঙ্গনে অনন্য এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা শহরের হাট-নওগাঁ কালীতলা মোড়ের অদূরে শৈলগাছী রোড সংলগ্ন পলাশ সাহার বাসায় (শীতলা মন্দিরের বিপরীত পার্শ্বে) অবস্থিত জনপ্রিয় শিক্ষা সহায়তা প্রতিষ্ঠান ‘মেধা বিকাশে স্টুডেন্ট কেয়ার হোম’-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। আনন্দমুখর এই আয়োজনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্যদের হাতেও মেধার স্বীকৃতি হিসেবে উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উদ্যোক্তা, শিক্ষক ও পরিচালক মিলন চন্দ্র দেবনাথ (বি.এ), যিনি প্রবাহ প্রি-ক্যাডেট অ্যান্ড গার্লস হাই স্কুল, হাট-নওগাঁর একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষক। আয়োজিত মাসিক পরীক্ষার ফলাফলে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে অবন্তী মোহন্ত শ্রেষ্ঠা, দ্বিতীয় স্থান লাভ করে শ্রেয়সী মোহন্ত কণা এবং তৃতীয় স্থান অর্জন করে রোহান। অপরদিকে প্রথম শ্রেণিতে অসাধারণ মেধার স্বাক্ষর রেখে প্রথম স্থান অর্জন করে হিতোশ্রী গোস্বামী এবং দ্বিতীয় স্থান লাভ করে মাইশা আক্তার। এছাড়া শ্রেণি কার্যক্রম ও সার্বিক পারফরম্যান্সে বিশেষ অবদানের জন্য শিক্ষার্থী প্রীতিসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কোমলমতি এসব শিশুদের পড়াশোনায় অধিকতর মনোযোগী করে তুলতে এই ধরণের ধারাবাহিক উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। প্রতিষ্ঠানের পরিচালক মিলন চন্দ্র দেবনাথ তাঁর বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, “স্টুডেন্ট যতই দুর্বল হোক, তাকে যোগ্য ও মেধা সম্পন্ন করে তৈরি করার পূর্ণ দায়িত্ব মেধা বিকাশে স্টুডেন্ট কেয়ার হোম-এর।” তিনি আরও জানান, প্রথম শ্রেণি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত নিয়মিত ক্লাস প্রোগ্রাম, তৃতীয় ও নবম শ্রেণির ভর্তি প্রস্তুতি, পঞ্চম ও অষ্টম শ্রেণির স্পেশাল ক্লাস ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামারের উপর বিশেষ ক্লাস পরিচালনা করা হয়। মূলত শিশুদের পাঠভীতি দূর করে তাদের ভিত্তি মজবুত করাই এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। সম্মাননা ও উপহার হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের উজ্জ্বল হাসি ফুটে ওঠে । অভিভাবকগণও ‘মেধা বিকাশে স্টুডেন্ট কেয়ার হোম’-এর এমন মানসম্মত, শিশুবান্ধব ও উৎসাহব্যঞ্জক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে মেধা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটির শেষভাগে উপস্থিত সমবেত সকলের সানন্দ করতালিতে মেধার এই বর্ণাঢ্য মিলনমেলার সফল সমাপ্তি ঘটে।
Reporter Name 



















