
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ২৩/৯/২০২৬ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় কুলচারা হাফেজিয়া মাদ্রাসায় মো. রাব্বি (১০) নামের এক শিক্ষার্থীকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ হুজুরের বিরুদ্ধে। এ ঘটনায় শৈলকুপা থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশু মো. রাব্বি ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবজেল হোসেন ও সবিতা খাতুন দম্পতির ছেলে। সে বড় কুলচারা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক আব্দুল্লাহ হুজুর শিশু রাব্বিকে নিষ্ঠুরভাবে মারধর করেন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহকে গ্রেফতার করে। এ বিষয়ে শৈলকুপা থানার পুলিশ জানায়, শিশু নির্যাতনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সাংবাদিক শারমিন
Reporter Name 
















