
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) ও সাইফুল আলীম (৫৫) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মাসুম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটে মাসুমের এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে জখম করার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। আটককৃত মাসুম গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে। তার স্ত্রী মীম আক্তার একই এলাকার বাসিন্দা। অপর আসামি সাইফুল আলীম ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বাখরাবাদ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মাসুমকে গ্রেপ্তারের পর অপর দুই আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে সরকারি কাজে বাধা দেন এবং এক পুলিশ সদস্যকে আহত করেন বলে অভিযোগ পুলিশের। স্থানীয়দের অভিযোগ, মাসুমের বিরুদ্ধে মাদক সংক্রান্ত পূর্বের ৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে স্ত্রীসহ আরও কয়েকজন সহযোগী সক্রিয় ছিলেন বলেও স্থানীয়দের দাবি। তিনজন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে আগের মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আটককৃত ৩ জনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Reporter Name 



















