
ভোলা প্রতিনিধি: ভোলা পৌরসভার ইপিআই স্বাস্থ্য শাখার স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসাইনের নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রয়োজনীয় শিক্ষাগত সনদপত্র ছাড়াই তিনি প্রায় ২০ বছর ধরে চাকরি করে আসছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যক্তি ও অভিযোগকারী। অভিযোগকারীদের দাবি, আনোয়ার হোসাইনের নিয়োগের সময় নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট সনদপত্র যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। দীর্ঘদিন চাকরির পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় নিয়োগ-সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের দাবি উঠেছে। অভিযোগকারীরা জানান, বিষয়টির প্রকৃত সত্যতা নিরূপণে নিয়োগের সময় জমা দেওয়া শিক্ষাগত সনদপত্র, নিয়োগপত্র, ব্যক্তিগত চাকরির নথি এবং সংশ্লিষ্ট সরকারি রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের দায় নির্ধারণে প্রশাসনিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের আরও দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আনোয়ার হোসাইনের নিয়োগের সময়কার সব নথিপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করে বিষয়টির সত্যতা জনসম্মুখে তুলে ধরে। এ বিষয়ে ভোলা পৌরসভা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। এদিকে অভিযোগের প্রকৃত সত্যতা নিরূপণে নিরপেক্ষ তদন্ত, নিয়োগ-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা এবং শিক্ষাগত সনদ যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। অভিযোগকারী মো. আনোয়ার হোসাইন, ১ নম্বর ওয়ার্ড, আবহাওয়া অফিস রোড, ভোলা পৌরসভা—বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Reporter Name 

















