
, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ১৬/৮/২০২৬ ঝিনাইদহে স্বাস্থ্যসেবার সামগ্রিক মানোন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার, প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, “দেশের স্বাস্থ্যখাতকে নতুনভাবে সাজাতে চাই, যাতে প্রতিটি নাগরিক সমানভাবে মানসম্মত চিকিৎসা সেবা পান।” শনিবার ঝিনাইদহ সদর হাসপাতাল পরিদর্শন এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ডাক্তার ও প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ততা নিশ্চিত করা হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং রোগীদের প্রতি মানবিক আচরণের ওপর বিশেষ জোর দিয়ে তিনি বলেন, “হাসপাতালে এসে যেন কোনো রোগী হয়রানির শিকার না হন, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আমরা স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসামগ্রী সরবরাহের উদ্যোগ নিচ্ছি।” পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের কাছ থেকে হাসপাতালের সেবা সংক্রান্ত নানা অভিযোগ ও সুনির্দিষ্ট তথ্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মতবিনিময় সভায় জেলা সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, স্থানীয় চিকিৎসক প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী ঝিনাইদহের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
Reporter Name 


















