
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ শরিফ ভূইয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের খারকোট মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শরিফ ভূইয়ার নিজ দখলীয় একতলা পাকা বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার শরিফ ভূইয়া খারকোট মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী ভূঞার ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধার করা ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে গ্রেপ্তার শরিফ ভূইয়ার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Reporter Name 























