
★ঢাক-ঢোল, খোল-করতাল ও বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণ মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসাহ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। ঢাক-ঢোল, খোল-করতাল, গীতা পাঠ, ধর্মীয় সংগীত এবং বর্ণিল ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি উৎসবের আমেজ ছড়িয়ে দেয় পুরো এলাকায়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক দুলাল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নবীপুর পশ্চিম ইউনিয়নের সভাপতি রঞ্জন কুমার পোদ্দারের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রহিমপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ডা. শ্রীমৎ যুগল ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মো. সাকিব হাছান খাঁন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, কুমিল্লা জেলা ট্রাস্টি বোর্ডের সদস্য নারায়ণ চন্দ্র সরকার এবং পূর্বধইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথসহ অন্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, ব্রাহ্মণ সংসদ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলার সভাপতি নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অভয় গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী, রিপন চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, নান্টু মুখার্জি, গোরাঙ্গ চক্রবর্তীসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় সম্প্রীতি ও উৎসবের মিলনমেলায়। আনন্দ-উৎসাহের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
Reporter Name 









