
স্টাফ রিপোর্টার | আ. মান্নান টিপু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে নির্মাণকাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা বাজার এলাকায় রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৪–৫ শত ফুট দূরে সরকারি সম্পত্তির ওপর গোপন সমঝোতার ভিত্তিতে একটি ৫ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিল্ডিং নির্মাণ আইন ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে এই নির্মাণকাজ চলমান রয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যথাযথ অনুমোদন ও নীতিমালা না মানায় ভবনটি জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
সরেজমিনে দেখা যায়, খোকন দেবনাথ নামে এক ঔষধ ব্যবসায়ী তার পূর্বের “দেবনাথ ফার্মেসী” দোকানের সঙ্গে সংযুক্ত করে ওই বহুতল ভবনটি নির্মাণ করছেন। অভিযোগ অনুযায়ী, দোকানটি আগে ব্যক্তিমালিকানাধীন জায়গায় থাকলেও পরবর্তীতে সরকারি সম্পত্তি দখল করে ভবনের পরিধি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপসা উত্তর ইউনিয়নের ১৪০ নং রূপসা মৌজার ১ নম্বর খতিয়ানের ৩২৪২ দাগে সরকারি খাস জমি রয়েছে। এ জমির বন্দোবস্ত পাওয়ার জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী পৃথকভাবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে সরকারি জমি ব্যতীত নিজস্ব মালিকানাধীন জায়গায় ব্যবসা পরিচালনার নির্দেশ দেন।
তবে অভিযোগ রয়েছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে খোকন দেবনাথ খাস জমি দখল করে ৫ তলা ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন।
এ ঘটনায় প্রশাসনের নীরবতা নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Reporter Name 


















