
মোঃ সুমন সরকার, স্টাফ রিপোর্টার:
বিনিয়োগ অ্যাপসে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে তিনি নিজেকে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতেন বলেও জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১ জুন মমতাজ বেগম (৩১) নামে এক নারী সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, আব্দুল হামিদ ‘ইকো ভোল্ট’ নামের একটি অনলাইন সোলার প্যানেল বিনিয়োগ অ্যাপসে স্বল্প সময়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগে উদ্বুদ্ধ করেন। পরে তার মাধ্যমে প্রায় ১০০ জন ব্যক্তি সেখানে টাকা বিনিয়োগ করেন।
প্রথম ধাপে তাদের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করা হয়। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা নেওয়া হয়। পরবর্তী সময়ে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। পরে অ্যাপস বন্ধ হয়ে গেলে মোট প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হামিদ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে একটি ট্যাব, স্মার্টফোন এবং বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়।
তদন্তে জানা গেছে, তিনি বিভিন্ন নামে অনলাইন অ্যাপস খুলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করতেন এবং কিছুদিন পর সেগুলো বন্ধ করে নতুন অ্যাপস চালু করতেন। টাকা ফেরত চাইলে তিনি ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি দেখাতেন বলেও জানিয়েছে পুলিশ।
মামলার বাদী মমতাজ বেগম বলেন, তার মাধ্যমে প্রায় ১০০ জন বিনিয়োগ করেন, যারা পরবর্তীতে প্রতারিত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, প্রাথমিকভাবে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলা তদন্ত অব্যাহত রয়েছে।
Reporter Name 









