
মোঃ ইউনুছ মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে অচিরেই মাদক ও কিশোর গ্যাংমুক্ত ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম-সেবা)। তিনি বলেছেন, মাদক কারবারি, মাদক উৎপাদনকারী, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ন’টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে মুরাদনগর থানা কমপ্লেক্সে মানকন্ঠের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এবং মুরাদনগর, বাঙ্গরা বাজার ও তিতাস থানার সার্কেল কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানকে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া রয়েছে। মাদক কারবারি, উৎপাদনকারী ও সেবনকারী এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীরা সন্ধ্যার পর ঘরে থেকে লেখাপড়া করবে। অন্যদিকে, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি এবং মাদক কারবারি ও সেবনকারীদের আইনের আওতায় আনা হবে। মুরাদনগরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ দিনরাত পরিশ্রম করছে। ইনশাআল্লাহ, অচিরেই মুরাদনগরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত ঘোষণা করা হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। আপনারা আমাদের সহযোদ্ধা। মাদক কারবারি, মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের প্রকৃত সদস্যদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন, এসব তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। একইভাবে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, সঠিক তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মুরাদনগরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর থানা বাঙ্গোরা বাজার থানা তিতাস থানার সার্কেল অফিসার এ কে এম কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ও এস আই মাসুদ।
Reporter Name 


















