
জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ গ্রাম গাজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কাচারিকান্দা বাজারের যতীনের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন গলাচিপা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মাটিভাঙ্গা এলাকার মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি দল কাচরিকান্দা বাজারে গলাচিপা-উলানিয়াগামী প্রধান সড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় আরিফ হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো ইমতিয়াজ আহমেদ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Reporter Name 



















