
নিজস্ব প্রতিবেদক
আলোচনা; সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বিএনপি নেতা মোঃ শফিউল্লাহ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার পারকেষ্টপুর-মদনা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। এ আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে আসছে পারকেষ্টপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিউল্লাহ-এর নাম।
বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় গণসংযোগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।
সংশ্লিষ্টদের অভিমত, স্থানীয় ভোটারদের একটি অংশ মনে করেন, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে মোঃ শফিউল্লাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।
এদিকে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সহযোগী অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী জানান, দলীয় সিদ্ধান্ত ও সাধারণ মানুষের সমর্থন পেলে মোঃ শফিউল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করলে তা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তবে এ বিষয়ে মোঃ শফিউল্লাহর আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় মনোনয়ন, স্থানীয় জনসমর্থন এবং নির্বাচনী পরিবেশের ওপর নির্ভর করবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সমীকরণ।
Reporter Name 


















