
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
ভিডিওতে অস্ত্রধারীদের উপস্থিতির অভিযোগ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতাদের বহরে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চরম উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ডিম নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং কয়েকজন যুবকের হাতে অস্ত্র সদৃশ বস্তু দেখা যাওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিযোগ অনুযায়ী, এনসিপি’র কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, তারেক রেজাসহ বেশ কয়েকজন নেতাকর্মী ঝিনাইদহে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গেলে তাদের বহর লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এসময় উত্তেজিত কিছু যুবক নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে। ভিডিওতে কয়েকজনকে কোমর ও পকেট থেকে অস্ত্র সদৃশ বস্তু বের করতে দেখা গেছে বলে দাবি করছেন স্থানীয়রা। এ নিয়ে প্রশ্ন উঠেছে— রাজনৈতিক কর্মসূচির স্থানে এসব অস্ত্র এলো কোথা থেকে এবং কারা বহন করছিল?
স্থানীয় সচেতন মহল বলছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে প্রকাশ্যে অস্ত্রের উপস্থিতি এবং হামলার চেষ্টার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মসূচি বানচাল এবং নেতাদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ হামলার চেষ্টা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, “পাটোয়ারীকে ডিম মারা হলো বুঝলাম, কিন্তু অস্ত্র বের করলো কারা?” এমন মন্তব্যে সাধারণ মানুষের উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Reporter Name 


















