
শারমিন আরা, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, তারিখ: ২০ অক্টোবর, ২০২৬ ঝিনাইদহ: শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে ঝিনাইদহ সদর উপজেলার ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুজ্জামান রিন্টু মুন্সি এবং শাহ আলম জর্দার। পরিদর্শনকালে তারা ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপে যান এবং উৎসব সঠিকভাবে উদযাপনের লক্ষ্যে নিজস্ব তহবিল থেকে এবং সরকারিভাবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তাদের সাথে ছিলেন এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাবেক মেম্বারবৃন্দসহ বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়কালে সাইফুজ্জামান রিন্টু মুন্সি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই যেন উৎসবমুখর পরিবেশে এবং শান্তিতে দুর্গোৎসব উদযাপন করতে পারেন। আগামীতে আপনারা আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে হরিশংকরপুরের সার্বিক উন্নয়নসহ পূজা পার্বণ আরও জাঁকজমকপূর্ণ ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।” পরিশেষে তিনি উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পূজা মণ্ডপগুলোতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মী ও স্থানীয় যুবকরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহাড়ায় নিয়োজিত রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে সহযোগিতা করছেন। এদিকে, পরিদর্শিত প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বিএনপির নেতাকর্মীদের এ ধরণের সহযোগিতায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো এবং সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা দুর্গোৎসব উদযাপন করতে পারছে
Reporter Name 


















