
খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গতকাল ভোর রাতে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুসেল খান ওই এলাকার ১নং ওয়ার্ডের মো. আমিনুল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি চৌকস দল গতকাল ভোর রাতে কালিকাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামির বাড়ির সামনে থেকে তাকে আটক করে তল্লাশি চালানো হয় এবং তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রুসেল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। গলাচিপাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে তিনি পুলিশি অভিযানের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
Reporter Name 


















