
ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি সিএনজির গোপন চেম্বার থেকে ১৩ হাজার ৮০৪টি ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোর সিএনজিচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক কিশোরের নাম মো. রাসেল। সে টেকনাফের ৬ নম্বর মিনাবাজার এলাকার মো. হেলালের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির ডান পাশে সন্দেহজনক একটি চেম্বার দেখতে পান তাঁরা। পরে চেম্বারটি খুলে অভিনব কায়দায় লুকানো খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৩ হাজার ৮০৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর জানিয়েছে, হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিল সে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা।
৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
Reporter Name 


















