
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধনে অনলাইনে সংযুক্ত ছিল গলাচিপা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ভবনের হলরুমে বড় পর্দায় অনুষ্ঠানটি অনলাইনে সংযুক্ত করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ হোসেন খান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মো. মহিবুল্লাহ এনিমসহ রাজনৈতিক দলের আরও অনেক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী সভাস্থলে এসে মঞ্চে ওঠার আগে শিশু-কিশোর শিক্ষার্থীদের সাথে হাত মিলিয়ে আসন গ্রহণ করেন। এরপর পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করার পরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনের পর মাঠে একাধিক লোকসংগীতের সাথে বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন এবং কৃতি খেলোয়াড়দের হাতে সনদ তুলে দেন এবং সর্বশেষে নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুস্থ, সবল ও মেধাভিত্তিক জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া চর্চা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে ত্বরান্বিত করে। সরকার দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং তরুণ সমাজের প্রতিভা বিকশিত করতে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠান হলরুমে সরাসরি অনলাইনে সম্প্রচার করা হয়। আমন্ত্রিত সকলে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত সুধীজন এবং শিশু-কিশোর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
Reporter Name 


















