
মোঃ আঃ কুদ্দুস ,পাড় তালা সাতক্ষীরা:
প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ ইসরাফ সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে হেফাজতে নেয়। আটককৃত ইসরাফ সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার রেজাপপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রহিমাবাদ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ইসরাফ। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাইকগাছা থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চলছিল। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। তালা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Reporter Name 


















