
মোঃ সুমন সরকার স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া ১নং ওয়ার্ড এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় আহত আব্দুর রহমান (১৮) নামের এক যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৪ জুলাই রাতে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার মো. ফিরোজ আহমেদের ছেলে, এই ঘটনায় হাসান শেখ (২২)নামের আরও একজন আহত হয়েছেন, আহত ব্যক্তি বর্তমান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়, এক পর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও হাসান শেখকে আঘাত করে গুরুতর জখম করেন।
পরিবারের সদস্যরা জানান, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বগুড়ায় নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার বাড়িতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
ওসি বলেন এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
Reporter Name 

















