
সিনিয়র রিপোর্টার: মোঃ জাহাঙ্গীর আলম রাজু
দুই দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি টানলেন মাহবুব আলম; ত্যাগের মূল্যায়ন না পাওয়ার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের ইতি টানতে ব্যতিক্রমী এক প্রতিবাদের পথ বেছে নিয়েছেন বিএনপির এক সাবেক যুবদল নেতা। ত্যাগ-তিতিক্ষা ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে এক মন দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে তিনি মায়ের মাথায় হাত রেখে ভবিষ্যতে রাজনীতি না করার শপথ নেন।
রাজনীতি থেকে সরে দাঁড়ানো ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২ নম্বর গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে দলীয় কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন। তাঁর দাবি, দলের কঠিন সময়ে রাজপথে থেকে জেল-জুলুম ও নানা প্রতিকূলতা মোকাবিলা করলেও সম্প্রতি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সহিংসতার ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হন। একপর্যায়ে তাঁকে কারাবরণ করতে হয় এবং পরে দল থেকেও বহিষ্কার করা হয়।
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের বিষয়ে মাহবুব আলম বলেন,
“দলের দুঃসময়ে রক্ত, শ্রম ও সময় দিয়েছি। কিন্তু সুসময় আসার পর নিজের দলের লোকজনের চক্রান্তের শিকার হয়েছি। দীর্ঘদিনের ত্যাগের এমন প্রতিদান আমাকে গভীরভাবে হতাশ করেছে। তাই আল্লাহর কাছে তওবা করে এক মন দুধ দিয়ে গোসলের মাধ্যমে বিএনপির রাজনীতি থেকে চিরতরে বিদায় নিচ্ছি।”
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক প্রতিবাদের প্রতীকী প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করছেন।
তবে এ বিষয়ে বিএনপি বা যুবদলের সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল নেতার আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
সম্পাদকের নোট
সংবাদটি মাহবুব আলম ও স্থানীয় সূত্রের বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
Reporter Name 


















