
মো:মিল্টন আলী,স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ কেএম ফারহান তানভীর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পৌরসভার মালিপাড়া মাদরাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ০৪/০৮/২০২৬ মঙ্গলবার মালিপাড়া মাদরাসার সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন পুলিশের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা থানার এসআই তরিকুল। অভিযানকালে সন্দেহভাজন অবস্থায় কেএম ফারহান তানভীরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটক কেএম ফারহান তানভীর যশোর জেলার কেশবপুর উপজেলার সুফলাকাটি গ্রামের কেএম নজরুল ইসলামের ছেলে।
পুলিশের দাবি, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য ও সমাজের সচেতন মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Reporter Name 


















