
মোঃ মিল্টন হোসেন,বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের তারেক মোড়ে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহমুদুল হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি, সদস্যপদ, মামলা পরিচালনা ও নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মাহমুদুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজেকে একটি প্রভাবশালী মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তিনি।
রাত ১০: ৪০দিকে ঝিনাইদহ শহরের ব্যস্ততম তারেক মোড়ে তাকে দেখতে পেয়ে ক্ষুব্ধ কয়েকজন ভুক্তভোগী তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে ৫০ হাজার, আবার কারও কাছ থেকে এক লাখ টাকারও বেশি নেওয়া হয়েছে। অনেককে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়ে ভুয়া আইডি কার্ড ও কাগজপত্রও সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এসময় কয়েকজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানবাধিকার সংস্থার নাম শুনে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু পরে বুঝতে পারি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। টাকা ফেরত চাইতে গেলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো।”
ঘটনার পর তারেক মোড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
ঝিনাইদহ সদর থানার একটি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বিভিন্ন নামধারী সংগঠনের পরিচয়ে প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ মানুষকে এসব বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।
Reporter Name 


















